বহুল প্রতীক্ষিত সিনেমা 'কিং'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরই মধ্যে লন্ডনে শুটিংয়ের ফাঁকে তোলা তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেসব ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে ‘কিং’ সিনেমায় তার সম্ভাব্য লুক নিয়ে আলোচনা।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান কালো রঙের হুডি ও ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরে ছিলেন। মুখ আড়াল করার চেষ্টা করলেও ক্যাপের নিচ থেকে তার ব্লিচ করা চুল স্পষ্ট দেখা যায়। এরপরই নেটিজেনদের একাংশের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'কিং' সিনেমার নতুন লুক গোপন রাখতেই এমন সতর্ক ছিলেন বলিউডের এই তারকা।
সামাজিক মাধ্যমে অনেকে ধারণা করছেন, সিনেমাটিতে শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর বা সিলভার রঙের চুলের এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্মাতা কিংবা শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লন্ডনে শুটিংয়ের বিরতিতে সাধারণ পোশাকে ঘুরতে বের হয়েছিলেন শাহরুখ। সাদা টি-শার্ট পরা স্বাভাবিক লুকেও ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। কয়েকজন অনুরাগীর সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন বলিউডের ‘কিং খান’।
এদিকে লন্ডনে শাহরুখ খানের বাসভবনও ভক্তদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। কেউ ছবি তুলছেন, কেউ আবার সেলফি ও ভিডিও ধারণ করছেন। অনেকের মতে, দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখের বিখ্যাত বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনের ভক্তসমাগমের কথাই মনে করিয়ে দেয়।
যদিও 'কিং' সিনেমায় শাহরুখ খানের নতুন লুক নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে নির্মাতাদের ঘোষণার।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম