পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
জেলে সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আঁখি ফিশ ও তহুরা ফিশের মাধ্যমে নিলামে মাছটি প্রায় ৩৬ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী রুবেল ঘরামী। এতে মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৬৬৬ টাকা।
স্থানীয়ভাবে তবল মাছ ‘ট্রেভ্যালি’ নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, কম কাঁটাযুক্ত এবং প্রোটিনসমৃদ্ধ হওয়ায় বাজারে এ মাছের চাহিদা বেশ ভালো।
মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ নিয়মিত পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব কমই ধরা পড়ে। তাই মাছটি বন্দরে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকে সেটি একনজর দেখতে ভিড় করেন।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। এত বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। আকারে বড় হওয়ায় এর বাজারমূল্যও বেশি। ভবিষ্যতে এ ধরনের মাছ বেশি ধরা পড়লে উপকূলীয় জেলেদের আয় বাড়বে এবং তারা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম