জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সংঘর্ষের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি রিয়াজুল ইসলামকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছেন। পরে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। একইভাবে জিএস আব্দুল আলিম আরিফকেও ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের বের করে দেওয়া ব্যক্তিরা ছাত্রদলের নেতাকর্মী ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম