মার্ভেলের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেডের (জ্যাকব ব্যাটালন) দাদির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেরি রিভেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তবে তার মৃত্যুর খবর সম্প্রতি প্রকাশ্যে আসে।
পরিবারের এক সদস্য জানান, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ অভিনয় করতে পেরে মেরি রিভেরা সবসময় গর্ববোধ করতেন।
সিনেমায় তার উপস্থিতি ছিল অল্প সময়ের জন্য। তবে সেই সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছবির এক পর্যায়ে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান, নেড ও এমজের মধ্যে চলা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘরে প্রবেশ করেন মেরি রিভেরা। পরে নেডের মাধ্যমে তিনি স্পাইডার-ম্যানকে ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করার কথা বলেন। দৃশ্যটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং হাস্যরসের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
এই দৃশ্যে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া এবং জ্যাকব ব্যাটালনের মতো তারকাদের সঙ্গে একই পর্দায় দেখা যায় তাকে। অল্প সময়ের অভিনয় হলেও তার সহজ-স্বাভাবিক উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
মেরি রিভেরার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশের স্পাইডার-ম্যান ভক্তরা। অনেকেই তার সেই স্মরণীয় দৃশ্যের ভিডিও ও ছবি শেয়ার করে শ্রদ্ধা জানাচ্ছেন।
১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন একজন মিশনারি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম