রংপুরের মিঠাপুকুর উপজেলায় অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কাফ্রিখাল পুনঃখনন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বরাদ্দকৃত প্রায় ৩ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সারা দেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচির জন্য ওয়েজ, নন-ওয়েজ ও সর্দার মজুরি বাবদ মোট ৪২০ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৭৬৮ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এর অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখালের ৩ হাজার ১০০ মিটার পুনঃখনন প্রকল্পের জন্য ৩ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ১২ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছিল। তবে টানা বৃষ্টিপাত ও খালে অতিরিক্ত পানি জমে থাকায় ভেকু মেশিন কিংবা শ্রমিক নামিয়ে কাজ শুরু করা সম্ভব হয়নি।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সরকারি আর্থিক বিধি অনুসারে গত ২৪ জুলাই চালানের মাধ্যমে বরাদ্দের পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার বলেন, প্রকল্প বাস্তবায়নের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু দীর্ঘস্থায়ী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে খননকাজ শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিধি অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশ তৈরি হলে পুনরায় বরাদ্দের আবেদন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে নির্ধারিত অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই সরকারি নিয়ম অনুসরণ করে বরাদ্দের অর্থ কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম