ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে শ্রীনাথপুর সীমান্তসংলগ্ন চর মালপাড়া এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লড়াইঘাট মাঠপাড়া গ্রামের মজিবুর খাঁর ছেলে। তিনি এক সন্তানের জনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক (সিও) কর্নেল রফিকুল আলম, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীর।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সোমবার রাতে রুবেলসহ ছয়জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে এবং একপর্যায়ে গুলি চালায়। এতে রুবেলের বাম বগলের নিচে গুলি লাগে।
পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। প্রথমে তাকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোরে নেওয়া হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল রফিকুল আলম বলেন, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের অংশে গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিএসএফের গুলির পর তাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় দফাদার মুক্তার মীর জানান, রুবেলের অবস্থা আশঙ্কাজনক। তিনি দাবি করেন, সম্প্রতি রুবেল সীমান্তকেন্দ্রিক একটি অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম