বলিউড সুপারস্টার সালমান খান ব্যক্তিগত জীবনে একাধিক আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি কারাগারে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা এবং সেই সময়ের মানসিক অবস্থার কথা অকপটে তুলে ধরেছেন।
অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এ ছোট ভাই সোহেল খানকে উৎসাহ দিতে অতিথি হিসেবে হাজির হন সালমান। অনুষ্ঠান চলাকালে নিজের জীবনের নানা অজানা স্মৃতির পাশাপাশি কারাবাসের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি।
সালমান জানান, বিভিন্ন মামলার কারণে তাকে চারবার জেল বা পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৮ দিন কারাগারে কাটিয়েছেন তিনি। ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলায় প্রথমবার জেলে যেতে হয়েছিল তাকে।
অভিনেতার ভাষ্য, কারাগারের দিনগুলো ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। বিশেষ করে জেলের বাথরুমের পরিবেশ তার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল। বন্দী জীবনের সেই কঠিন বাস্তবতা তাকে মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
সালমান আরও বলেন, কারাগারের অভিজ্ঞতার পর একসময় তার মনে হয়েছিল অভিনয়জীবন ছেড়ে সম্পূর্ণ ভিন্ন জীবন বেছে নেবেন। এমনকি সবকিছু ছেড়ে কৃষিকাজে মন দেওয়ার কথাও গুরুত্বের সঙ্গে ভেবেছিলেন। তবে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে আবারও অভিনয়েই মনোযোগ দেন তিনি।
তার এই খোলামেলা স্বীকারোক্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে সালমান নিজের এক ভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম