পরিবারের অমতে প্রেম করে বিয়ে করায় ২২ বছর বয়সী এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলার জৈতপুর থানার প্রতাপ নগর এলাকায় সোমবার (৩ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম অঙ্কিতা শর্মা। এ ঘটনায় অভিযুক্ত বাবা বিমল শর্মাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলতি বছরের শুরুতে অঙ্কিতা পরিবারের সম্মতি ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর এক সদস্যকে আদালতের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকেই ওই বিয়ে ভেঙে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তার ওপর ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় বাড়ির ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
আগ্রার পূর্বাঞ্চলের উপ-পুলিশ কমিশনার অভিষেক আগরওয়াল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত বিমল শর্মাকে আটক করে। প্রাথমিক তদন্তে এটি শ্বাসরোধ করে হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে পরিবারের আরও কয়েকজন সদস্যের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম