চলতি বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৯৯৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (৩ আগস্ট) একদিনেই দেশে এসেছে এক হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকার রেমিট্যান্স। গত বছরের আগস্টের প্রথম তিন দিনে যেখানে প্রবাসী আয় ছিল ২২ কোটি মার্কিন ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে তা বেড়ে ৪০ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ৮৪ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৬৯ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক ভূমিকা রাখবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম