সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ঘটনার ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্যসচিব রিগান হোসেন বলেন, অভিযোগ উঠলে তা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করাই দলের নীতি। ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়া এবং তথ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে শওকত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়। এর আগেও তার বিরুদ্ধে ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে আইনগত ও সাংগঠনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম