২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের ইতিহাস এবং গণআন্দোলনের বিভিন্ন স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে স্থাপিত জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে, জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ভিডিওচিত্র, শহীদ ও আন্দোলন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত স্মারকসহ আন্দোলনের নানা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। এসব উপকরণের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
এদিকে, ৫ আগস্ট দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হলেও আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম