ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরি করতে এসে গৃহবধূর প্রতিরোধের মুখে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরের দল গোপনে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় এক গৃহবধূ একজন চোরকে ধরে ফেললে শুরু হয় ধস্তাধস্তি।
একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই চোরের হাতে জোরে কামড় দেন গৃহবধূ। এতে তার একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে অবস্থান করা সহযোগীরা ঘরে ঢুকে আহত চোরকে উদ্ধার করে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুলের অংশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম