টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৩ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় পানির উচ্চতা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উজান থেকে নেমে আসা পানিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে বাদামক্ষেত, ধানের বীজতলা, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই তিস্তার পানি দ্রুত বাড়তে থাকে। বেলা ১১টার দিকে তা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম