যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী রব রিপোর্ট-এর ২০২৬ সালের বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে নেপালের শিন্তা মানি মুস্তাং। হিমালয়ের কোলে কালীগণ্ডকী নদী উপত্যকায় অবস্থিত এই অভিজাত হোটেলে থাকতে হলে অতিথিদের ন্যূনতম পাঁচ রাতের বুকিং করতে হয়।
মাত্র ২৯ কক্ষের এই বিলাসবহুল হোটেলের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বাস্থ্যসেবা ও প্রকৃতিনির্ভর জীবনযাপনের অভিজ্ঞতা। তিব্বতি চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রতিটি অতিথির জন্য আলাদা স্বাস্থ্য কর্মসূচি তৈরি করা হয়। চিকিৎসায় ব্যবহার করা হয় হিমালয়ের বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান।
হোটেলটিতে অবস্থানকালে অতিথিরা হিমালয়ের মনোমুগ্ধকর ট্রেকিংয়ের পাশাপাশি স্থানীয় গ্রাম ঘুরে নেপালের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এছাড়া কক্ষ থেকেই উপভোগ করা যায় নীলগিরি পর্বতমালার অপরূপ সৌন্দর্য।
রব রিপোর্ট ২০২৩ সাল থেকে বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলের তালিকা প্রকাশ করে আসছে। ভ্রমণ বিশেষজ্ঞদের মূল্যায়ন, সেবার মান, পরিবেশ, নকশা ও অতিথি অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিবছর এই তালিকা তৈরি করা হয়।
এবারের তালিকায় দ্বিতীয় হয়েছে রুয়ান্ডার সিঙ্গিতা কুইতন্ডা এবং তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ডের হোপ লজ। একসময় শিকারিদের লজ হিসেবে ব্যবহৃত ভবনটি সংস্কার করে বর্তমানে বিলাসবহুল হোটেলে রূপ দেওয়া হয়েছে।
এ ছাড়া তালিকায় রয়েছে জাপানের পার্ক হায়াত টোকিও, ভারতের শক্তি প্রাণা, ইতালির কলেজিও আলা কেরচে, যুক্তরাজ্যের ক্ল্যারিজেস, ফ্রান্সের লে ব্রিস্টল প্যারিস, পানামার আইলাস সেকাস এবং মাল্টার কাসা বোনাভিটা।
রব রিপোর্টের ২০২৬ সালের বিশ্বের সেরা ১০ বিলাসবহুল হোটেল:
১. শিন্তা মানি মুস্তাং (নেপাল)
২. সিঙ্গিতা কুইতন্ডা (রুয়ান্ডা)
৩. হোপ লজ (স্কটল্যান্ড)
৪. পার্ক হায়াত টোকিও (জাপান)
৫. শক্তি প্রাণা (ভারত)
৬. কলেজিও আলা কেরচে (ইতালি)
৭. ক্ল্যারিজেস (যুক্তরাজ্য)
৮. লে ব্রিস্টল প্যারিস (ফ্রান্স)
৯. আইলাস সেকাস (পানামা)
১০. কাসা বোনাভিটা (মাল্টা)
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম