ক্লাব বিশ্বকাপের পর প্রথমবারের মতো সান্তোসের জার্সিতে মাঠে নেমেই আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বদলি হিসেবে নেমে নিজে গোল না করলেও একটি গোল করিয়ে দলের কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে ম্যাচ শেষে পারফরম্যান্সের চেয়ে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার কারণেই বেশি আলোচনায় উঠে এসেছেন এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে রেমো ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা একটি ভিডিওতে সেই উত্তপ্ত মুহূর্ত ধরা পড়েছে। যদিও ঠিক কী কারণে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা স্পষ্ট নয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর নেইমারের উদযাপনকে উসকানিমূলক হিসেবে দেখেন স্বাগতিক সমর্থকরা। ম্যাচজুড়ে তাকে দুয়ো দেওয়া হচ্ছিল। এর জবাবে নেইমার সমর্থকদের উদ্দেশে চিৎকার করে বলেন, "তোমরা বাদ পড়েছ।" এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
খবরে আরও বলা হয়, নেইমার প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তাদের দিকেও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেন। পরে স্টেডিয়ামের করিডোরে রেমোর প্রতিনিধি দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গালাগালি করলে নেইমারও পাল্টা প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়াড় ও কোচিং স্টাফ এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনার পর নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন রেমো ক্লাবের সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সান্তোসের এমন আচরণ প্রত্যাশিত ছিল না। একই সঙ্গে নেইমারের আচরণকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, অনেক শিশু যাকে আদর্শ মনে করে, তার কাছ থেকে এমন উসকানিমূলক আচরণ হতাশাজনক।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম