ভারত থেকে ধারাবাহিকভাবে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি বাজারে দেশীয় কাঁচামরিচের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৭০ টাকা কমে বর্তমানে মানভেদে দেশীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ফলে কয়েকদিন আগের তুলনায় অনেক কম দামে কাঁচামরিচ কিনতে পারছেন ক্রেতারা।
অটোরিকশাচালক জামিলুল ইসলাম বলেন, কয়েকদিন আগেও বেশি দামের কারণে প্রয়োজনমতো কাঁচামরিচ কেনা সম্ভব হতো না। এখন দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গৃহিণী আকলিবা বেগম বলেন, কাঁচামরিচ প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ। দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচও বেড়েছিল। এখন দাম কমতে শুরু করায় পরিবারের বাজেটে কিছুটা স্বস্তি ফিরেছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা মাসুদ পারভেজ জানান, ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আসায় পাইকারি বাজারে দাম কমেছে। সেই সুবিধা খুচরা ক্রেতারাও পাচ্ছেন।
ব্যবসায়ী মো. সোনামিয়া বলেন, ভারতীয় কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার আরও স্থিতিশীল হবে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় নয় মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি পুনরায় শুরু হওয়ার পর থেকেই বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সরবরাহ বাড়ায় দেশীয় কাঁচামরিচের ওপর চাপ কমেছে এবং চাহিদা-সরবরাহের ভারসাম্য তৈরি হওয়ায় দাম দ্রুত কমছে। আগামী কয়েকদিন আমদানি অব্যাহত থাকলে কাঁচামরিচের দাম আরও কমতে পারে বলে তাদের আশা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম