দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর এবং সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৫৮ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। অর্থাৎ একদিনেই মোট ১ হাজার ৮৩ জন আক্রান্ত বা উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ১৬ হাজার ৬৬৫ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১১ হাজার ৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম