নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ভোরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারুল ইসলাম লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহতরা হলেন বাবু (৪০) ও সাজদার (৫০)।
পুলিশ জানায়, ভোরে চার শ্রমিক একটি অটোভ্যানে করে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হন। নবীনগর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইয়ারুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম