ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মতোই জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শহীদ ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবার যেন কোনো ধরনের হয়রানি, নির্যাতন বা অসম্মানের শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শহীদ পরিবারের পাশে রয়েছে এবং তাদের সন্তানদের লেখাপড়া, প্রয়োজনীয় সহায়তা ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ বৈষম্যহীন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
রাজশাহীর উন্নয়নের প্রসঙ্গ তুলে মিজানুর রহমান মিনু বলেন, নেসকোসহ কোনো গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রতিষ্ঠান রাজশাহী থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাইদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্বজন ও আহত যোদ্ধারাও বক্তব্য দেন। তারা দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান এবং শহীদ ও আহত পরিবারের পাশে সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী ও উপস্থিত অতিথিরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম