কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে জিও ব্যাগসহ নদীতে পড়ে নূরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ অভিযান চলছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নূরিয়া খাতুন ওই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া জামিলা খাতুন স্থানীয় ইজাজুল মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর ভাঙনরোধে এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়। প্রবল স্রোতের মধ্যে জামিলা কোনোমতে তীরে উঠতে পারলেও নূরিয়া পানিতে তলিয়ে যায়।
পরে জামিলার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা জানান, পদ্মায় তীব্র স্রোত থাকায় অভিযান পরিচালনায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তবুও শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুই শিশু নদীতে পড়ে যাওয়ার ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ নূরিয়া খাতুনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, নদীতে স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকাজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারপরও সম্ভাব্য সব এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম