স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেটের আপার স্টেজ (উপরের ধাপ) চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, রকেটের ধ্বংসাবশেষটি চাঁদের আইনস্টাইন ক্রেটার-সংলগ্ন এলাকায় আঘাত হেনেছে। এ অঞ্চলটি পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশে অবস্থিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি গত বছর উৎক্ষেপণ করা হয়েছিল। মিশন শেষে প্রায় ৪ হাজার কেজি ওজনের আপার স্টেজটি পরিকল্পনা অনুযায়ী মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়। তবে পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের অভিকর্ষে আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত চাঁদের পৃষ্ঠে আঘাত হানে।
ঘটনাটি টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। তবে সংঘর্ষস্থল থেকে তাৎক্ষণিক কোনো দৃশ্য পাওয়া না যাওয়ায় এটি সরাসরি সম্প্রচার করা সম্ভব হয়নি।
নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, এ ঘটনায় পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই। বরং সংঘর্ষ থেকে প্রাপ্ত তথ্য চাঁদের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য জানতে এবং মহাকাশে বিচরণরত বস্তুর গতিপথ নির্ণয়ের প্রযুক্তি উন্নত করতে সহায়তা করবে।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানী ম্যাট বোথওয়েল মহাকাশে ক্রমবর্ধমান স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, পৃথিবীর কক্ষপথে বর্জ্যের পরিমাণ বাড়তে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে নিরাপদে মহাকাশযান উৎক্ষেপণ ও পরিচালনা আরও কঠিন হয়ে পড়তে পারে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম