মস্তিষ্কে প্রদাহজনিত গুরুতর রোগ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এনআরটির সদস্যরা স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম জোরদারে কাজ করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস মূলত বর্ষাকালে বালুমাছি, মশা ও অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) দেখা দিতে পারে, যা দ্রুত জটিল আকার ধারণ করে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গুজরাট। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এ পর্যন্ত ১৮৪টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, রাজস্থানেও গত মাসে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো, দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক দমন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের জ্বর, খিঁচুনি, অস্বাভাবিক আচরণ বা স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম