একাদশে ফিরেই ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে জাফনাকে বড় সংগ্রহ এনে দেন তিনি।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্ল্যাডিয়েটর্স। জাফনার একাদশে ছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। অন্যদিকে গলের হয়ে মাঠে নামেননি নুরুল হাসান সোহান।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই জাফনার হয়ে ঝড় তোলেন কামিল মিশারা ও খাজা নাফে। ওপেনিং জুটিতে বড় ভিত গড়ে দলকে এগিয়ে নেন তারা। নাফে ৩২ বলে ৫৪ রান করে ফিরলেও মিশারা খেলেন ৫৫ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস।
দলীয় ১৭৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। নেমেই আগ্রাসী ব্যাটিংয়ে গল বোলারদের ওপর চড়াও হন তিনি। ঈশান মালিঙ্গার এক ওভারে টানা দুই ছক্কা হাঁকানোর পর শেষ ওভারে দাসুন শানাকার বিপক্ষে আরও দুই চার ও দুই ছক্কাসহ এক ওভার থেকেই তোলেন ২২ রান।
মাত্র ২০ বলে নিজের ফিফটি পূর্ণ করেন হৃদয়। শেষ পর্যন্ত ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা, আর স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪।
হৃদয়ের বিধ্বংসী ফিনিশিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের বিশাল সংগ্রহ গড়ে জাফনা, যা দলকে ফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থানে নিয়ে যায়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম