সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রাঘাতে মোহাম্মদ সিয়াম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের বরাত দিয়ে জানা গেছে, সকালে বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যেই ধানের চারা রোপণের কাজ করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম