বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে দ্বিতীয় ম্যাচেই নিজের চেনা রূপে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোল করে শুধু ইন্টার মায়ামিকে জয়ই উপহার দেননি, গড়েছেন লিগস কাপের ইতিহাসেও নতুন রেকর্ড।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে লিগস কাপে ঘরের মাঠে মেক্সিকান ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোলের পাশাপাশি একটি গোলে অবদান রেখে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের জন্য হতাশার। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো দে সান লুইস। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে মায়ামি।
অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১১তম মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। বিশ্বকাপ থেকে ফেরার পর এটি ছিল তার প্রথম গোল। এরপর ২৬তম মিনিটে সেগোভিয়া গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও জ্বলে ওঠেন মেসি। নোয়া অ্যালেনের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
এই গোলের মাধ্যমেই লিগস কাপে ইতিহাস গড়েন মেসি। টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ। ফলে তিনি এখন এই প্রতিযোগিতার একক সর্বোচ্চ গোলদাতা।
প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির চতুর্থ গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার নেওয়া কর্নার থেকে হেডে বল জালে পাঠান মিকায়েল। ফলে বিরতিতে ৪-১ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টির কারণে প্রায় ২৫ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে অ্যাতলেটিকো দে সান লুইস একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
জোড়া গোল, একটি অ্যাসিস্টের অবদান এবং নতুন রেকর্ড—সব মিলিয়ে ম্যাচটি নিজের করে নিলেন লিওনেল মেসি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম