ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ড্রামট্রাকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ড্রামট্রাকে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ট্রাকের ওপরের বালুর স্তরের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরার চালান উদ্ধার করা হয়। জব্দ করা জিরার মোট ওজন ৬ হাজার ৪৫০ কেজি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা জিরা এবং জব্দ করা ড্রামট্রাকটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম