বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকশিল্পী স্বাগত দে আর নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জোজো। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হলে স্বাগত দেকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান।
বাংলা লোকসংগীতকে নিজের সুরেলা কণ্ঠ ও হৃদয়ছোঁয়া পরিবেশনার মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন স্বাগত দে। ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন। তার কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
স্বাগত দের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও সংস্কৃতিজগতের বিভিন্ন ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
গায়িকা জোজো নিজের শোকবার্তায় লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।”
নিজের সুর, কণ্ঠ ও অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে বাংলা লোকসংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন স্বাগত দে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম