সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে হরিহরনগর গ্রামের একটি বিল থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস গাজী হরিহরনগর গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান ইদ্রিস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বিলে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, মাছ ধরার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম