সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘর থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের পাঁচটি ষাঁড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এর কিছুক্ষণ পর একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. বজলুর রহমানের গোয়ালঘর থেকেও একটি গাভী ও একটি বাছুর চুরি হয়। অভিযোগ রয়েছে, গরুগুলো পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালানোর সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোরচক্র দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চোরদের শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম