চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ টিমন (৩৩) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ টিমন উপজেলার বান্দ্রা গ্রামের বাসিন্দা এবং মো. মহিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের পাওয়ার টিলারচালিত ট্রলিতে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন আজাদ। এ সময় দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম