রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপে রাতভর ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দেশটির আকাশে প্রবেশ করা ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের তভার অঞ্চলে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রের সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল ইয়েভরায়েভ জানিয়েছেন, তার এলাকাতেই সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছে। সেখানে ৯২টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। হামলার ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি বাড়িতে আগুন লাগে এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
রুশ কর্তৃপক্ষের অভিযোগ, গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ইউক্রেন ধারাবাহিকভাবে রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও সংযুক্ত ক্রিমিয়ায় ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
চার বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি। একই সঙ্গে দুই পক্ষই দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়ে চলেছে, যার ফলে বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও ক্রমেই বাড়ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম