প্রিন্টিং তারিখ: ৮ আগস্ট ২০২৬প্রকাশের তারিখ: ৭ আগস্ট ২০২৬
ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান পাঞ্জু মধ্য ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মো. মজিবুর রহমান মোল্যার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।