রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা ইতিবাচকভাবে এগোলেও হঠাৎ করেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব ছবি, বায়ো এবং প্রোফাইল ছবি মুছে দিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার এই পদক্ষেপ ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
বর্তমান ফুটবলে অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত কিংবা পেশাগত কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নতুনভাবে সাজিয়ে থাকেন। তবে বড় কোনো দলবদলের আগে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। তাই ভিনিসিয়ুসের অ্যাকাউন্টে আকস্মিক এই পরিবর্তনকে সম্ভাব্য ভবিষ্যৎ সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেক সমর্থক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে বছরে প্রায় ১ কোটি ৮৫ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী বছরের জুনে শেষ হবে তার বর্তমান চুক্তি। গত বছরের জানুয়ারি থেকেই দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। ক্লাবের নতুন কোচ হোসে মরিনহোও ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিয়ুসকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন।
বুধবার রাতে ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রায় ৬ কোটি ৪০ লাখ অনুসারীর এই অ্যাকাউন্টে এখন আর কোনো ছবি, বায়ো কিংবা প্রোফাইল ছবি নেই। রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা, অনুশীলন এবং ব্যক্তিগত জীবনের সব পোস্টও সরিয়ে ফেলেছেন তিনি। এতে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে গেলে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়ানোর সুযোগ নিতে চায় মিকেল আর্তেতার দল।
সম্প্রতি জিরোনার বিপক্ষে প্রাক্-মৌসুম ম্যাচের পর আর্তেতা ইঙ্গিত দেন, আগামী কয়েক সপ্তাহে তাদের দলে আরও পরিবর্তন আসতে পারে। স্কোয়াডকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তারা কাজ করছেন বলে জানান আর্সেনাল কোচ।
তবে সব গুঞ্জনের মাঝেও ভিনিসিয়ুস ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের প্রাক্-মৌসুম ক্যাম্পে যোগ দিয়েছেন। মেডিকেল পরীক্ষা শেষে তিনি নিয়মিত অনুশীলনও শুরু করেছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গেই নতুন চুক্তিতে আবদ্ধ হন, নাকি দলবদলের গুঞ্জন সত্যি করে নতুন কোনো ক্লাবে পাড়ি জমান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম