ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে দীর্ঘ পথচলার ইতি টেনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি-তে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন তিনি। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম Offsideplus.az জানিয়েছে, হামজা ও ক্লাবের মধ্যে ব্যক্তিগত শর্তে সমঝোতা হয়েছে। যদিও এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত শর্তে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।
গত মৌসুমে লেস্টার সিটির মূল দলে সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছেন তিনি। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই।
২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান হামজা। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
সাবাহ এফসিতে যোগ দিলে হামজার সামনে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও খুলে যেতে পারে। আজারবাইজানের ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।
এখন দেখার বিষয়, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে হামজা চৌধুরী সত্যিই লেস্টার সিটি ছাড়ছেন কি না, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো সিদ্ধান্ত আসে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম