সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারাগার থেকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৩ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে জগলুল পাশাসহ অন্য আসামিরা অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালান এবং রাস্তা অবরোধ করেন। পরদিন ২৯ ডিসেম্বর নির্ধারিত সমাবেশে যোগ দিতে খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তার যাত্রায় বাধা দেওয়া হয়। এ সময় নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে, যাতে খালেদা জিয়াসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের অক্টোবরে রাজধানীর গুলশান থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে ১১১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এ ছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম