কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। তবে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেছেন ১৭ জন কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী রাকিব মিয়া নীলগঞ্জ হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের মহিনন্দ এলাকায়।
জানা গেছে, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০৫ জন থাকলেও ওই বিষয়ের পরীক্ষায় উপস্থিত ছিলেন শুধু রাকিব। তবুও শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আনেয়ার হোসেন। এছাড়া ছিলেন দুইজন সহকারী হল সুপার, দুইজন কক্ষ পরিদর্শক, পাঁচজন সহায়ক কর্মচারী, তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও শিক্ষা বোর্ডের সব বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম