পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রূপচাঁদা মাছ। বিরল আকৃতির এই মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে সেটি দেখতে জেলে, আড়তদার ও স্থানীয়দের ভিড় জমে যায়।
জানা গেছে, এফবি জারিফ-১ নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। ট্রলারটির মাঝি ছিলেন দেলোয়ার। পরে নিলামে মাছটির দর ওঠে প্রতি মণ ৯০ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা। সেই হিসাবে প্রায় ১.৭ কেজি ওজনের রূপচাঁদাটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি করা হয়।
মনোয়ারা ফিশের ম্যানেজার সগির জানান, এত বড় আকারের রূপচাঁদা খুব কমই ধরা পড়ে। মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় বাজারে প্রত্যাশিত দাম পাওয়া গেছে।
মাছটির ক্রেতা ব্যবসায়ী সোহাগ বলেন, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময়ই বেশি। বাজার পরিস্থিতি আরও অনুকূলে থাকলে মাছটির দাম আরও বাড়তে পারত। মাছটি ঢাকার বাজারে পাঠানো হবে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, রূপচাঁদা উচ্চমূল্যের সামুদ্রিক মাছ এবং এটি সুস্থ সামুদ্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। বড় আকারের রূপচাঁদা ধরা পড়া সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক হলেও টেকসই আহরণ নিশ্চিত করা প্রয়োজন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের অন্যতম মূল্যবান সামুদ্রিক মাছ রূপচাঁদা। সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হলে একদিকে যেমন সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ হবে, অন্যদিকে জেলেদের আয়ও বৃদ্ধি পাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম