সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার একাধিক পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবের ফেসবুক পোস্টে বিদায়ী বার্তা দেখে কয়েকজন তাকে খুঁজতে গিয়ে আমবাগানের ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি কার্যক্রম শুরু করে।
মৃত্যুর আগে দেওয়া এক পোস্টে রাকিব লিখেছেন, “আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি আর নিতে পারতেছি না। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।” একই পোস্টে তিনি পরিবারের একজনের উদ্দেশে মরদেহ যেন ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়—এমন অনুরোধও জানান।
আরেকটি পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে। নিজের মৃত্যুর জন্য তিনি ওই তরুণীর পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী বলেও উল্লেখ করেন।
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে রাকিব লেখেন, “তোমাদের না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাকে মাফ করো।” তার এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পোস্টে উল্লেখ থাকা তরুণীর এক আত্মীয় জানান, রাকিবের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তাদের নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, কীভাবে তার মোবাইল নম্বর রাকিব পেয়েছিলেন, সেটিও তাদের জানা নেই।
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে রাকিবের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম