বান্দরবানের আলীকদম উপজেলায় চাকা ব্লাস্ট হয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মো. হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ আরও ১১ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে আলীকদমের উদ্দেশে যাচ্ছিল ‘মাতামুহুরি পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস। বাসটি আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকা ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় বাসের চালক, হেলপারসহ ১১ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে আহত হেলপার মো. হোসেনের মৃত্যু হয়।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনসুর আলম জানান, তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম