কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ২৫৯ যাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোমে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের পর যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিজি-৩০৬। পরে নিরাপদে ঢাকায় পৌঁছে ফ্লাইটটি।
এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।
উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের একটি প্রকৌশলী দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। পরে প্রকৌশলীরা মেরামতকাজ সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করে তোলেন।
এদিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির পাশাপাশি রোমে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি নিয়েও অভিযোগ ওঠে। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয় তাদের।
যাত্রীদের অভিযোগ, ত্রুটি শনাক্ত হওয়ার পরও দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। কয়েকজন যাত্রীকে চেয়ারে কিংবা মেঝেতে রাত কাটাতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন যাত্রী।
দীর্ঘ অপেক্ষা ও নানা ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী। এর মধ্য দিয়ে রোমে আটকে পড়া যাত্রীদের প্রায় ২৮ ঘণ্টার দুর্ভোগের অবসান হলো।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম