বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইঞ্জিনমিস্ত্রি তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। দুর্ঘটনায় বিকল ট্রাকটির চালকও নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুর ওপর ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। পরে ইঞ্জিনমিস্ত্রি তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার ট্রাকটি মেরামতের কাজ শুরু করেন।
এ সময় পেছন থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাকের কেবিন থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার নিহত হন। পরে আহত ট্রাকচালকও হাসপাতালে মারা যান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম