মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রলারে করে মরদেহ দুটি নদীর তীরে নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
তিনি বলেন, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীতে কচুরিপানার মধ্যে থেকে প্রথমে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় আরও একটি নারীর মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাদের মৃত্যুর কারণ এবং কীভাবে তারা নদীতে ভেসে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম