স্ট্রোক করে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
এর আগে শনিবার ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়মন। ঘুমের মধ্যে খাট থেকে পড়ে যাওয়ার পর সহপাঠীরা তার শরীর শক্ত হয়ে যেতে দেখেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, সকালে সায়মন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই সে খাট থেকে পড়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার শরীর শক্ত হয়ে যেতে দেখা যায়। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি বলেন, পরে সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সায়মন স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানান তার সহপাঠীরা।
শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সায়মনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা রাজশাহীতে সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, সায়মনের অসুস্থতার খবর পাওয়ার পরপরই আইসিইউর ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।
উপাচার্য সায়মনের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম