উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম আগের তুলনায় ২৮ টাকা ৫৩ পয়সা বেড়েছে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের মার্চ থেকেই জেট ফুয়েলের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর ৭ এপ্রিল আবারও জ্বালানিটির দাম বাড়ানো হয়।
তবে মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়ে প্রতি লিটার ২২৭ টাকা ৮ পয়সা থেকে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। পরের মাস জুনে আরও কমিয়ে প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এরপর আগস্ট মাসে আবারও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বিইআরসি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম