বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পোষ্যপ্রেমের কথা কমবেশি সবারই জানা। বিশেষ করে তাঁর আদুরে বিড়াল এডওয়ার্ডের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতার নানা মুহূর্ত প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার নিজের পোষ্যদের কাছ থেকে জীবনের কী শিক্ষা পেয়েছেন, তা জানিয়েছেন আলিয়া।
এক সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, পোষ্য বিড়ালদের কাছ থেকে তিনি কী শিখেছেন। জবাবে অভিনেত্রী জানান, জীবনে অনেক ঘটনা ঘটবে, তবে প্রতিটি ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক নয়। একই সঙ্গে কারও কাছ থেকে বেশি প্রত্যাশা না রাখার কথাও বলেন তিনি।
আলিয়ার ভাষায়, জীবনে যত কম প্রত্যাশা রাখা যায়, ততই হতাশা ও কষ্ট কম হয়। তাঁর মতে, পোষ্যদের কাছ থেকে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছেন—সময় পেলেই ঘুমানো। এতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় বলেও মনে করেন অভিনেত্রী।
পোষ্যদের সঙ্গে আলিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর ও বিড়ালের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। তাঁর কাছে পোষ্যরা শুধু ভালোবাসার প্রাণী নয়, বরং পরিবারেরই একটি অংশ।
এডওয়ার্ডের সঙ্গে আলিয়ার সম্পর্কও বেশ পুরোনো। অভিনেত্রীর সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা একসময় তাকে এডওয়ার্ড নামের বিড়ালটি উপহার দিয়েছিলেন। পরে তাদের সম্পর্ক ভেঙে গেলেও এডওয়ার্ডের প্রতি আলিয়ার ভালোবাসায় কোনো পরিবর্তন আসেনি। এমনকি বিয়ের সময়ও আলিয়ার পাশে দেখা গিয়েছিল প্রিয় এডওয়ার্ডকে।
সিদ্ধার্থও বিভিন্ন সাক্ষাৎকারে এডওয়ার্ডের কথা স্মরণ করেছেন। তিনি জানিয়েছিলেন, এখনও এডওয়ার্ডকে খুব মনে পড়ে।
সম্প্রতি বিশ্ব বিড়াল দিবস উপলক্ষে এডওয়ার্ডের সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন আলিয়া ভাট। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, “He just gets it. Happy Eddie day!”
আলিয়ার এই মিষ্টি পোস্ট প্রকাশের পরই তা ভক্তদের নজর কাড়ে। প্রিয় পোষ্য এডওয়ার্ডের সঙ্গে অভিনেত্রীর বিশেষ বন্ধন নিয়েও ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম