দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যোগ হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন।
অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম