গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত চাকরির নিয়োগ পরীক্ষায় বোনের হয়ে প্রক্সি দিতে এসে এক ব্যক্তি আটক হয়েছেন। আটক ব্যক্তি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজের বোনের পরিবর্তে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সন্দেহ হলে তার পরিচয় যাচাই করা হয়। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির আপন বড় ভাই আলমগীর হোসেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
জেলা প্রশাসনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, চাকরির পরীক্ষার আবেদনসংক্রান্ত কাগজপত্র ট্রেজারি শাখায় তালাবদ্ধ অবস্থায় সংরক্ষিত থাকে। আটক ব্যক্তির প্রবেশপত্রে থাকা ছবিতে ঘষামাজার চিহ্নও দেখা গেছে।
এ ঘটনায় আলমগীর হোসেনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরিজীবীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম