রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ফেরদৌসী আক্তার মেরীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫-এর বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন আব্দুর রহিম। এ সময় স্ত্রী মেরীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেরী স্বামীকে ধমক দিলে রহিম ক্ষিপ্ত হয়ে তাকে গলা টিপে দেয়ালের সঙ্গে চেপে ধরেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর খাটে শুইয়ে তার বুকের ওপর বসে মুখ চেপে ধরে রাখা হয় বলেও অভিযোগ করা হয়। পরদিন সকালে খাটের ওপর মেরীর মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা করা হয়। পরে মেরীর মা হাসিনা বেগম বাদী হয়ে আব্দুর রহিম, তার মা রানী ও বাবা আবু তাহেরকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত অভিযোগটি মোহাম্মদপুর থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৩০ নভেম্বর মোহাম্মদপুর থানা পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে পুলিশের ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী।
পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন। অধিকতর তদন্ত শেষে ২০১৬ সালের ৫ এপ্রিল সিআইডির পরিদর্শক আব্দুর রাজ্জাক খান আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে রহিমের মা-বাবাকে অব্যাহতির সুপারিশ করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে স্ত্রীকে হত্যার অভিযোগ থেকে মো. আব্দুর রহিমকে খালাস দেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম