সাভারে একটি মাঠ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন তারা। পরে ড্রামের ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেশার কুকার দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি পরীক্ষা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারের ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করা হয়েছিল। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ওই ঘটনায় পুলিশ জানায়, সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি দোকানে এসে ঠান্ডা পানীয় কেনার কথা বলে ৫০০ টাকার নোট দেন। দোকানি খুচরা টাকা না থাকায় ওই ব্যক্তি চলে যান এবং একটি তালাবদ্ধ ব্যাগ সেখানে রেখে যান। পরে ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুসহ প্রেশার কুকার উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম