সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক দ্রুত সংস্কার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন যানবাহন মালিক ও শ্রমিক নেতারা। আগামী ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার সড়ক সংস্কার না করা হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সিলেট-সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়কটির বেহাল দশার কারণে দুই জেলার সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখা কার্যালয়ে যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার রুটের মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক এবং সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত সড়ক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নেতারা জানান, আগামী ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার পর্যন্ত সড়ক সংস্কার না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখার সভাপতি মো. এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, শ্রমিক উপশাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।
সভায় বাস-মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক এবং সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম